বিশ্বব্যাপী আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাণঘাতী রোগ ক্যান্সারের প্রকোপ। সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করা না গেলে আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে এই রোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে বড় ধরনের সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
হু-এর পক্ষ থেকে প্রকাশিত ২০২৬ সালের গ্লোবাল স্ট্যাটাস রিপোর্টে এই উদ্বেগের কথা জানানো হয়। সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রতিদিন প্রায় ২৬ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। বর্তমানের এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০৫০ সালের মধ্যে প্রতি বছর নতুন করে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৩৫ মিলিয়নে গিয়ে ঠেকতে পারে।
রিপোর্টে আরও বলা হয়েছে, উন্নত ও ধনী দেশগুলোর তুলনায় অনুন্নত এবং মধ্যম আয়ের দরিদ্র দেশগুলোতে ক্যান্সারে মৃত্যুর হার অনেক বেশি। আধুনিক চিকিৎসা ব্যবস্থার অভাব এবং সচেতনতার ঘাটতির কারণেই এই বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনই বিশ্বনেতাদের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ ও ক্যান্সার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

